রাঙামাটির কাপ্তাইয়ে উদ্ধার হওয়া ৭ ফুট দৈর্ঘ্যের একটি সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন (অজগর) কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটি বনে ছেড়ে দেওয়া হয়। এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানসহ বন বিভাগ ও স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত সোমবার রাতে উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়েছিল। বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সুরক্ষার অংশ হিসেবে গত দেড় মাসে এই এলাকায় প্রায় ১৮টি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।




