পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্লাস্টিক দূষণ রোধে রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্লাস্টিক ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাঙামাটি সেনা রিজিয়নের সুনির্দিষ্ট নির্দেশনায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাইস্থ ওয়াগ্গা জোন সদর দপ্তরসহ এই জোনের অধীনস্থ সকল বিওপি, ক্যাম্প এবং টিওবি এর বিভিন্ন স্থাপনা ও সংলগ্ন এলাকায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণ করেন।
বিজিবি সূত্র জানায়, অভিযানে সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো সুনির্দিষ্ট স্থানে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে পুনঃপ্রক্রিয়াজাতকরণ বা রিসাইকেলিংয়ের জন্য সংশ্লিষ্ট কারখানায় প্রেরণ করা হবে।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসব সভায় প্লাস্টিকের অপব্যবহার রোধ এবং যত্রতত্র ময়লা না ফেলার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।




