রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে ‘কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন’ প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর শেকি লেনিনা চাকমা ও টেকনিক্যাল অফিসার শিখা চাকমার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহ আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, আক্তার হোসেন মিলন এবং হেডম্যান থোয়াই অং মারমা।
সভায় বক্তারা দুর্গম পাহাড়ি এলাকায় কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেন। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানির সহজলভ্যতা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণে অধিক গুরুত্বারোপ করা হয়। সভায় স্থানীয় কারবারি, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




