রাঙামাটির কাপ্তাইয়ে অতিবৃষ্টি ও ঝড়ে গাছ পড়ে ৪টি বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে পরিবারগুলোর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেলাল হোসেন ও মো. রাজন এবং ২নং ওয়ার্ডের কাটা পাহাড় এলাকার গৌরাঙ্গ দাশ ও রতন দাশের ঘরের ওপর গাছ উপড়ে পড়ে। এতে ঘরগুলো ভেঙে চুরমার হয়ে যায়।
ঘটনার পরপরই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিবারগুলোকে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে এবং দ্রুত সহায়তা প্রদান করা হবে।




