রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা হাতির আবাসস্থল রক্ষা, চলাচলের পথে বাধা সৃষ্টি না করা এবং ঝুঁকি নিয়ে হাতির কাছাকাছি গিয়ে ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে হাতির সংখ্যা বেড়ে বর্তমানে ৪২-৪৫টি হলেও বন উজাড় ও খাদ্যসংকটে তারা লোকালয়ে চলে আসছে। তাই হাতি ও মানুষের সংঘাত এড়াতে বন সংরক্ষণ জরুরি।
কাপ্তাই বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে এবং শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।




