ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাউখালী সরকারি ডিগ্রি কলেজে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার কলেজ প্রাঙ্গণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উইভ’ (WEAVE)-এর ‘আরডব্লিউভিএল-বি’ (RWVL-B) এবং ‘পিভিডব্লিউএজি’ (PVWAG) প্রকল্পের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. এজাহার মিয়া।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইভ-এর আরডব্লিউভিএল-বি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ঝিমি চাকমা, মনিটরিং অফিসার উমেচিং মং, মাঠ সংগঠক পূর্ণ চন্দ্র চাকমা ও বিপাশা চাকমা এবং কমিউনিটি মোবিলাইজার আনু মারমা ও মলসারি মারমা। এছাড়া পিভিডব্লিউএজি প্রকল্পের পক্ষে মনিটরিং অফিসার ওহিন সুই রোয়াজা ও কমিউনিটি মোবিলাইজার মায়চিং মারমা উপস্থিত ছিলেন।
বক্তারা তরুণ প্রজন্মকে সমাজ সচেতন ও মননশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও সনদ বিতরণ করা হয়।




