পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই জোনের (৩৮ বীর) উদ্যোগে একটি বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় জোনের উপ-অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়। অভিযানের অংশ হিসেবে প্রথমে লেকভিউ আইল্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির ৩২টি ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
এছাড়া পরিবেশবান্ধব এ উদ্যোগকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে মোট ৪২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমানসহ সামরিক বাহিনী ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।




