রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের অংশগ্রহণে বন ও বন্যপ্রাণী সংশ্লিষ্ট নীতি, আইন ও বিধানাবলী বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর রেঞ্জার দীপন চাকমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। তিনি বলেন, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত নীতিমালা ও আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। তিনি জানান, ২০২৬ সালে বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নতুন কিছু নীতি ও বিধান প্রণয়ন করা হয়েছে, যা যথাযথভাবে জানা এবং অনুসরণ করা প্রয়োজন।
প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। তিনি মাঠ পর্যায়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।




