পার্বত্য রাঙামাটির ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘আষাঢ়ি পূর্ণিমা’ পরম শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।
আজ সকালে আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে রাজবন বিহার প্রাঙ্গণে সমবেত হন হাজারো পুণ্যার্থী। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সূচনায় সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান এবং অষ্টপরিষ্কার দানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় তিনি বিশ্বশান্তি, জগতের সকল প্রাণীর সুখ-সমৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি কামনায় বিশেষ দেশনা প্রদান করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আষাঢ়ি পূর্ণিমা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি। এ পূর্ণিমা তিথিতেই রাজকুমার সিদ্ধার্থ গৌতমে রূপ নিয়ে মাতৃগর্ভে আগমন, গৃহত্যাগ এবং বুদ্ধত্ব লাভের পর বারাণসীর ঋষিপতন মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথম ‘ধর্মচক্র প্রবর্তন সূত্র’ দেশনা করেছিলেন। এছাড়া এই তিথিতেই বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস (বর্ষাব্রত) শুরু হয়।
দিনটি পালনে সকাল থেকেই রাজবন বিহারে দূর-দূরান্ত থেকে আসা উপাসক-উপাসিকাদের প্রার্থনা ও পুণ্য অর্জনের ঢল নামে। পুণ্যার্থীরা ফুল, প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন করেন।




