বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। গতকাল রবিবার পর্যন্ত হ্রদের পানি ১ শত ফুট মিন সি লেভেলের নিচে থাকলেও আজ সোমবার সকাল থেকে তা ১০০ ফুট অতিক্রম করেছে।
হ্রদে পানি বাড়ার সাথে সাথে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকেই উৎপাদন শুরু হয়েছে এবং মোট বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল, যা গতকাল রবিবার রাত পর্যন্ত ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল।
তিনি আরও জানান, কেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ২ শত ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন। এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে উৎপাদন ২ শত মেগাওয়াটের নিচে চলে আসে।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১ নং, ৩ নং, ৪ নং এবং ৫ নং ইউনিটের প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১ শত ৬০ মেগাওয়াট এবং ২ নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উল্লেখ্য, এই ৫টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। হ্রদে পানির পরিমাণ এভাবে বাড়তে থাকলে উৎপাদন আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।




