আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। বাজার ও আশপাশের এলাকা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আধুনিক ও পরিচ্ছন্ন বাজার গড়ার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার হিমেল দে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ৫০২ জন। ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদ অর্থাৎ সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি মো. জয়নাল আবেদীন (ছাতা) ও আলহাজ আবদুল আলীম কালাম (চেয়ার)। এ ছাড়া সহ-সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, অর্থ সম্পাদক পদে দুজন এবং কার্যকরী সদস্যের ছয়টি পদের বিপরীতে ছয়জন প্রার্থী মাঠে রয়েছেন।
প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সভাপতি প্রার্থী আবদুল আলীম কালাম নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মডেল বাজার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে বর্তমান সভাপতি মো. জয়নাল আবেদীন বাজারের সার্বিক উন্নয়ন ও সদস্যদের মৃত্যু তহবিল সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী মো. তরিক উল্লাহ বাজারের পরিচ্ছন্নতা ও গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধের অঙ্গীকার করেছেন।
অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান আহমেদ এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিমেল দে জানান, আগামী ১৬ জুলাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।




