রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ঠিকাদার উত্তম তঞ্চঙ্গ্যা ও তাঁর বন্ধুমহল। বন্যার পানি নেমে যাওয়ার পর যখন মানুষ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই দুর্গতদের পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা।
গত সোমবার (১৩ জুলাই) ফারুয়া ইউনিয়নের গোয়াছড়ি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৩৩ হাজার টাকা বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই কঠিন সময়ে নগদ আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা, স্থানীয় মৌজার হেডম্যান, কার্বারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উত্তম তঞ্চঙ্গ্যা ও তাঁর বন্ধুমহলের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে দুর্গত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, তবে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা অনেক সহজ হয়ে যায়। এই ধরণের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজক ও স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।




