আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে দুজন যুবক এসে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন পহেল চাকমা।
রোববার বিকালে রাঙামাটি শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সন্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, শনিবার রাতে দুজন ব্যক্তি তাকে একটি দোকানে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তারা বলেছেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাদের সিদ্ধান্তে অনুযায়ী সমর্থন করেছেন।
আগামী ১৯ জানুয়ারীর মধ্যে তিনি যদি প্রার্থীতা থেকে সরে না দাঁড়ান তাহলে তাকে সর্বোচ্চ ব্যবস্থাসহ প্রাণনাশের হুমকি দেন।
তবে তিনি ব্যক্তিগতভাবে ওই হুমকি দাতা ব্যক্তিদের কাউকে চিনেন না। তিনি গুরুত্বের সাথে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে সুষ্ঠু তদন্তের অপেক্ষায় রয়েছেন।
তিনি আরো বলেন, তার নিরাপত্তা ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টরা তার নিরাপত্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, তার বিশ্বাস কোনো রাজনৈতিক দলের মূলধারার নেতাকর্মীরা এ ধরনের হুমকি বা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করেন না। কেউ যদি পরিকল্পিতভাবে পাহাড়ের শান্ত পরিবেশ, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। তিনি হুমকির বিষয়টি একটি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিতসহ একজন প্রার্থী হিসেবে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি তিনি তার সকল সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি শান্ত,ধৈর্য্য ধরতে ও কোনো ধরনের উত্তেজনা বা সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান। যেন কোনো প্রকার গুজব বা অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনের পথেই এগোতে চাই।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এ বিষয়ে তার কাছে একটি আবেদনপত্র দিয়েছেন। নির্বাচন কমিশনের যা নির্দেশনা রয়েছে তার ব্যবস্থা গ্রহন করেছি। তিনি আরো জানান, তিনি তার নিরাপত্তার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছেন। তবে একজন নাগরিক হিসেবে তিনি পুলিশের সহযোগিতা চাইতে পারেন।
প্রসঙ্গত, এবার জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির আসনে ৭জন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
তবে এবার নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দলের কোন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করছে না।




