রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএসপিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, আহত ১৩ শিক্ষার্থীর মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৪ জনকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।
তিনি বলেন সংঘর্ষের কারণ অনুসন্ধান ও পরবর্তী আইনি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য অটোমোবাইল বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসপিআই কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।




