আগামী ১৮ আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের সাপ্তাহিক ছাগলের হাট জমে উঠেছে। বিশেষ করে পাহাড়ি ছাগলের ব্যাপক চাহিদা থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর ছিল হাটটি।
হাটে দেশি পাহাড়ি ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল ও ভেড়া বিক্রি হচ্ছে। চট্টগ্রাম, রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনাসহ বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা জানান, এখানে পাহাড়ি ছাগল সহজলভ্য এবং দামও তুলনামূলক কম। তবে বিক্রেতাদের দাবি, বাজারে ছাগলের চাহিদা থাকলেও তারা আশানুরূপ দাম পাচ্ছেন না।
হাটের ইজারাদার শুক্কুর মোল্লা জানান, পূজাকে কেন্দ্র করে পাহাড়ি ছাগলের বেচাকেনা বেশ ভালো। দাম তুলনামূলক কম হওয়ায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা এই হাটে ছুটে আসছেন।




