রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য ও ইকোসিস্টেম সুরক্ষায় মূল অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
র্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি-এর ‘ইকোসিস্টেম রিস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় রাঙামাটি জেলা পরিষদ এই পরিবেশ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। প্রাথমিক পর্যায়ে সাজেকের পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, ইউএনডিপি-এর কনসালট্যান্ট মংহ্লা ম্যান্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর শ্যমুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।




