৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যগত উন্নয়নের লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনালের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে রোববার সকালে উপজেলা কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. ওমর ফারুক। সভায় প্রকল্পের কো-অর্ডিনেটর রবীন চন্দ্র চাকমা জানান, এই কার্যক্রমের আওতায় বিলাইছড়িতে ৩২ জন মাঝারি ও তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশু শনাক্ত করা হয়েছে এবং ১২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, স্থানীয় ইউপি সদস্য এবং কৃষি, প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।




