রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বস্তিপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা।
এ সময় জুরাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমাসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে এই সরকারি খাদ্যসহায়তা দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।




