রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘অপরাজিতা শলক হোস্টেল’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বরুণ বিকাশ দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, স্থানীয় হেডম্যান মায়ানন্দ দেওয়ান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের জন্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।
এই হোস্টেল নির্মাণের ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে। এছাড়া এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে জেলা পরিষদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




