রাঙামাটির জুরাছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
শুক্রবার সকালে তিনি উপজেলার সামিরা, চকপতিঘাট, ঘিলাতলী ও হাজাভিটাসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও শুকনো খাবার বিতরণ করেন তিনি।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে নবনির্মিত প্রশাসনিক ভবনের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় দীপেন দেওয়ান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীকে অত্যন্ত ভালোবাসেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্তরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।” তিনি দলীয় নেতা-কর্মীদের সম্প্রীতি বজায় রেখে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরিদর্শন শেষে এমপি দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম নিয়ে সার্বিক আলোচনা করেন।




