রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে অতিবৃষ্টিজনিত প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
পরিদর্শনকালে তিনি দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা হিসেবে ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান এই ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল ফারুয়া ইউনিয়নের আরও ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
পরিদর্শনের সময় ফারুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যাসহ ইউনিয়নের সদস্যরা সাথে ছিলেন।




