রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিকে) অনুষ্ঠিত শহীদ প্রকৌশলী এ.কে.এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই কেএইচএস ওয়ারিওর্স একাদশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় তারা ৪-২ গোলে কাপ্তাই ডু অর ডাই একাদশকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কপাবিকে-এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৫ এপ্রিল কপাবিকে-এর তৎকালীন ব্যবস্থাপক শহীদ শামসুদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করে। তাঁর মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন।”
কপাবিকে-এর নির্বাহী প্রকৌশলী ও টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ কয়সুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি আলম, উপ-পরিচালক চৌধুরী হাসান শরীফ, সহকারী প্রকৌশলী এরকিয়ারেম চৌধুরী ইমন এবং সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবিরসহ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন মাহাবুব হাসান এবং ধারাভাষ্যে ছিলেন ওসমান গনি তনু। মোট ৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী ম্যাচে খেলা শেষে সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার হাতেও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।




