রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপল ডেমোক্রেকিট ফ্রন্টে (ইউপিডিএফ) সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে| শুক্রবার সকালে কুতুকছড়ির আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে| এঘটনায় ওই নেতার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে|
এঘটনার জন্য এক বিবৃতিতে জনসংহতি সমিতিকে ( জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ| তবে জেএসএস ঘটনার অস্বীকার করেছে| নিহত ইউপিডিএফ নেতার নাম ধর্মশিং চাকমা (৪২)| তিনি কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়া গ্রামের মৃত ধনঞ্জয় চাকমা ছেলে| ধর্মশিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি|
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়া গ্রামে (আবাসিক) ধর্মশিং চাকমা নিজ বাড়িতে অবস্থান করছেন এমন তথ্য পেয়ে শুক্রবার ভোরে ১৮-১৯ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর বাড়ি ঘেরাও করে| সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে তিনি প্রাণভয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দেয়| পরে ধর্মশিং চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়| এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়| ভাইকে বাঁচাতে এগিয়ে এলে বড় বোন কৃপাসোনা চাকমা (৪৫) ও ছোট বোন ভাগ্যশোভা চাকমার (৩২) দুই বোনের ডান হাতের কবজিতে গুলিবিদ্ধ হন| পরে স্থানীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়|
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগে প্রধান নিরন চাকমা স্বাক্ষরিক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোর রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) জনসংহতি সমিতির ( জেএসএস) একদল সশস্ত্র সন্ত্রাসী যুবনেতা ধর্মশিং চাকমাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে| এ সময় তার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও গুলি করে গুরুতর জখম করেছে| এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়| অবিলম্বে যুবনেতা ধর্মশিং চাকমার হত্যাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়|
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এন্টনি চাকমা বলেন, আহত দুই নারীকে সকাল ৭টা ১২ মিনিটে হাসপাতালে আনা হয়| একজনের হাতের হাড় গুলিতে ভেঙে গেছে| প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে|
তবে অভিযোগ অস্বীকার করে জেএসএসের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে জেএসএস জড়িত নয়| কুতুকছড়িতে আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই| এটা ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যাকান্ড হতে পারে|
উল্লেখ্য, এটি ধর্মশিং চাকমার ওপর দ্বিতীয় দফা হামলা| এর আগে ২০১৮ সালে ১৮ মার্চ তারিখে একই এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে মৃত ভেবে ফেলে যায় এবং হিল উইমেন্স ফেডারেশন নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করে| সেবার দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ধর্মশিং পুনরায় রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন| তবে এবারের প্রাণঘাতী হামলা থেকে তিনি আর রক্ষা পেলেন না|
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে| পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে| তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি|
রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, আহত ২ বোন
RELATED ARTICLES




