তিন পার্বত্য জেলার বৌদ্ধভিক্ষুদের সর্বোচ্চ সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) সুপ্রিম সংঘ কাউন্সিল বাংলাদেশ’-এর কার্যনির্বাহী পরিষদের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১টায় রাঙামাটি শহরের কাঠালতলীর মৈত্রী বিহারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।
সভায় সংগঠনটির উপদেষ্টা ক্ষেমাসারা মহাথের, ভদন্ত ওয়াইন্না মহাথের, ভদন্ত সুমনা মহাথের, সহসভাপতি ভদন্ত পাইন্দাওয়াইসনা মহাথের, মহাসচিব ভদন্ত পাঞ্ঞাদীপ মহাথের, অর্থসচিব ভদন্ত শীলপাল মহাথের, আন্তর্জাতিকবিষয়ক সচিব ভদন্ত ড. নাগসেন মহাথের, যুগ্ম আন্তর্জাতিকবিষয়ক সচিব ভদন্ত বুদ্ধদত্ত মহাথের, কার্যনির্বাহী সদস্য ভদন্ত পুণ্যজ্যোতি মহাথের নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। এতে সংগঠনটির প্রায় শতাধিক বৌদ্ধভিক্ষু যোগ দেন।
সভায় ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে বৌদ্ধভিক্ষুদের সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে তথাগত ভগবান গৌতম বুদ্ধের প্রেম, মৈত্রী ও অহিংসা পরম নীতি-আদর্শ লালন করে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও মৈত্রীপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং বাংলাদেশসহ বিশ^শান্তির কামনায় বৌদ্ধভিক্ষুদের ব্রত থাকার পাশাপাশি মানবকল্যাণে সেবা ও মানবিক কাজে অনন্য ভূমিকা পালনে নিজেদের সম্পৃক্ত রাখার আহবান জানানো হয়।




