রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নারী কাবাডি খেলোয়াড়দের উৎসাহ ও খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে জুতা দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসক নাজমা আশরাফীর আর্থিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ নারী কাবাডি দলের ১৯ জন সদস্যের হাতে এসব জুতা তুলে দেন। জুতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুড়া ও রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মো. মরশেদুল আলম। জেলা প্রশাসরে এ ধরনের উদ্যোগে জুরাছড়ির নারী কাবাডি খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
জুতা পেয়ে আনন্দ প্রকাশ করে নারী কাবাডি খেলোয়াড় প্রভি চাকমা ও রিতা চাকমা বলেন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী না থাকায় অনুশীলনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। জুতা পেয়ে আমরা অনেক খুশি ও আনন্দিত। আমাদের খেলায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুড়া জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,পার্বত্য এলাকার মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে নারী খেলোয়াড়রা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, রাঙামাটি জেলা প্রশাসক নারী দলের খেলারদের ধারাবাহিকতা ধরে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে জুতা বিতরণ করা হয়েছে। শুধু জেলা প্রশাসক নয়, খেলাধুলার উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে।
জেলা প্রশাসকের উপহার পেল জুরাছড়ি নারী কাবাডি দল
RELATED ARTICLES




