রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার পরিষদ পুনর্গঠনের পর প্রথমবারের মতো রাঙামাটিতে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে রাঙামাটিতে পৌঁছালে দলের নেতাকর্মী ও হাজারো সমর্থক তাঁকে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেন।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে যান তিনি। সেখানে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন এবং দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কার্যক্রম শুরু করেন।
এর আগে সকালে তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটির প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়ায় পৌঁছালে শত শত নেতাকর্মী ও সমর্থক সুসজ্জিত গাড়িবহর নিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। পরবর্তীতে রাঙামাটি আসার পথে বিভিন্ন পয়েন্টে সর্বস্তরের জনগণ ও দলীয় সমর্থকরা পুষ্পবৃষ্টি ও ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
এ সময় পরিষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
গত ২০ আগস্ট বর্তমান সরকার দীপন তালুকদারকে চেয়ারম্যান এবং ১৫ জন সদস্য সমন্বয়ে নতুন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। বিকেলে জেলা পরিষদে পৌঁছালে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁকে স্বাগত জানান।
প্রসঙ্গত ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে শক্তিশালী করা হয় তিন পার্বত্য জেলা পরিষদ। এ পরিষদের অধীনে শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রাণী সম্পদসহ ৩০ টির অধিক বিভাগ হস্তান্তর করা হয়। ফলে এ তিন পার্বত্য জেলা পরিষদ দেশের অন্যান্য জেলা পরিষদ থেকে আলাদা আইনে পরিচালিত হয়।




