বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান মো. মীর হোসেন কাপ্তাইয়ে হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের বজ্র নিরোধক যন্ত্র স্থাপন প্রকল্প ও মৎস্য উপকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বিএফডিসি চেয়ারম্যান জানান, কাপ্তাই হ্রদে জেলেদের সুরক্ষায় মোট ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে বিএফডিসি প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় ৪.৮৩ কোটি টাকা চুক্তিমূল্যের এই প্রকল্পটির কাজ ২০২৫ সালের জুলাইয়ে শুরু হয়েছে এবং ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
পরিদর্শন শেষে কাপ্তাই মৎস্য উপকেন্দ্র কার্যালয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম এবং রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়জুল করিমসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




