সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম রাঙামাটিতে সফর করেছেন। সফরকালে বৃহস্পতিবার তিনি রাঙামাটি জেলা শিশু পরিবার এবং জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন।
সকালে পরিদর্শনকালে তিনি জেলা শিশু পরিবারের শিক্ষা ও আবাসন ব্যবস্থা, নিবাসীদের খাবারের মান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি নিবাসী শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। শিশুদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় জেলার সার্বিক সমাজসেবামূলক কর্মকাণ্ড, ভাতা কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন সেবা সহজীকরণ বিষয়ে মত বিনিময় করেন।
সাইফুল ইসলাম সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুবিধা যেন কোনো অনিয়ম ছাড়া প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর জোর দেন। একই সাথে দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক
মোঃ ফরিদুল আলম, সরকারী শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা আবদুর রশীদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




