রাঙামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে ১৩ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির একটি দল অবস্থান নেয়। খবর পেয়ে বন বিভাগ দ্রুত যান চলাচল বন্ধ করে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আগর বাগান এলাকায় হাতিগুলো অবস্থান করে। পরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনকর্মী ও ইআরটি সদস্যরা আতশবাজি ও গাড়ির হর্ন বাজিয়ে হাতিগুলোকে বনের দিকে সরিয়ে দেন। এ সময় যান চলাচল সাময়িক বন্ধ থাকায় যাত্রীরা হাতির সম্ভাব্য আক্রমণ থেকে বেঁচে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও এস এম সাজ্জাদ হোসেন জীবনের ঝুঁকি এড়াতে সন্ধ্যার পর এই সড়কে যান চলাচলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।




