মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিজুরাছড়িতে বন্যাদুর্গতদের পাশে আশ্রয়কেন্দ্রে চিকিৎসা সেবা

জুরাছড়িতে বন্যাদুর্গতদের পাশে আশ্রয়কেন্দ্রে চিকিৎসা সেবা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ। বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরাসরি গিয়ে চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন স্বাস্থ্যকর্মীরা।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিন ফেরদৌসের নেতৃত্বে মৈদং ইউনিয়নের জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে একটি বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এই ক্যাম্পে বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনাকালে স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জীব চাকমাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল টিম সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে আশ্রয়কেন্দ্রে থাকা গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদানের পাশাপাশি বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি ব্যবহার, নিরাপদ খাদ্য গ্রহণ, স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বাসিন্দাদের জরুরি পরামর্শ দেন চিকিৎসকেরা।

এ বিষয়ে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা জানান, বন্যাদুর্গত সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে। তিনি আরও সতর্ক করে বলেন, বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই সময়ে সবাইকে বাধ্যতামূলকভাবে বিশুদ্ধ পানি পান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। একই সাথে যেকোনো শারীরিক অসুস্থতায় অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য দুর্গত এলাকার মানুষের প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments