রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব উপকরণের বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ ও ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রত্যেকে নিজ নিজ আঙিনা ও জমিতে এই চারাগুলো রোপণ করে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখার আহ্বান জানান।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা এবং মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা। উপকরণ বিতরণের আগে অতিথিরা জাতীয় ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব জানান, কর্মসূচির আওতায় ৪১০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি ও ৪০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। এছাড়া অপর ২০০ জন কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা এবং ৩০ কেজি জৈব সার প্রদান করা হয়।




