চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন গত রবিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এর আগে বিভাগীয় কমিশনার কেপিএম গেস্ট হাউসে পৌঁছালে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. শহীদুল্লাহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কেপিএম-এর সার্বিক চিত্র ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
পরিদর্শনকালে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কেপিএম-এর এমডি মো. শহীদুল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম-এর উৎপাদন প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি এবং কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কাপ্তাই সফরের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার সকালে কাপ্তাই উপজেলা সদরে পৌঁছালে উপজেলা রেস্ট হাউস চত্বরে কাপ্তাই থানার একটি পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।




