রাঙামাটির কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীকে অবহেলা করা চলবে না, বরং তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।”
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর প্রকল্প ফোকাল পার্সন জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব।
হিল ফ্লাওয়ারের মিলন চাকমার সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও পাড়াকর্মী পপি তনচংগ্যা। অনুষ্ঠানের শুরুতে হিল ফ্লাওয়ারের প্রতিনিধি সঞ্জিত তনচংগ্যা একটি মূল প্রবন্ধ (প্রেজেন্টেশন) উপস্থাপন করেন।




