বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, শ্রমিকদের শ্রম ও নিষ্ঠার কারণে চলতি বছর দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে।
গতকাল বুধবার দুপুর ২টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনকালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বাগানে একটি চারা রোপণ ও শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে তিনি স্থানীয় পাহাড়ি ও বাঙালি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী, চা বোর্ডের সদস্য ইয়াছিন পারভীন তিবরীজি, সচিব মো. আমিনুর রশীদ, পরিচালক ড. মো. ইসমাইল হোসেন এবং ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরীসহ বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।




