রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য দীপেন দেওয়ান। শনিবার উপজেলার মৈদং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের মধ্যে শুকনো খাবার এবং ৫৫টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। সাবেক এই মন্ত্রীর পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা।
এদিন সকালে জামুরাছড়ি আশ্রয়কেন্দ্রের ১০টি পরিবার, জামেরছড়ি এলাকার ৩৫টি পরিবার, শিলছড়ির ১০টি পরিবার এবং ঘিলাতলী এলাকার ১০টি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে জামেরছড়ি এলাকার ৫৫ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুমন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি তাপস দেওয়ান, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক সুদীপ্ত চাকমা, যুবদলের সদস্যসচিব বিরা নন্দ চাকমা ও মৈদং ইউনিয়ন বিএনপির সভাপতি মঙ্গল কুমার চাকমাসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, এর আগে ভিজিএফ কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৪৫টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে রিপন জ্যোতি চাকমা বলেন, দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে তিনি ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করছেন।




