দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা ও শিক্ষার্থীদের শ্রদ্ধায় আবেগঘন পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পলাশ মুৎসুদ্দী। স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সাইফুল আলম, অধ্যাপক কায়সারুল ইসলাম, অধ্যাপক শ্যামলি দাশ, অধ্যাপক শিবু শংকর বোস, অধ্যাপক আবদুল হালিম জসিম ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন এবং পরে তাঁদের সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক দিলরুবা খানম প্রায় ৩৫ বছর এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন ২৭ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন। এ ছাড়া ২০২৫ সালে অবসর নেওয়া অন্য শিক্ষক ও একজন প্রদর্শককেও সম্মাননা জানানো হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদায়ী শিক্ষকরা দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের কথা তুলে ধরেন। বক্তারা শিক্ষকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আগামী প্রজন্মের জন্য তাঁদের নিষ্ঠা ও অভিজ্ঞতাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।




