মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই থানা পুলিশের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার নতুন বাজার ও জেটিঘাট এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নতুন বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থান নেয়। এতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা বাড়ায়। তাই মাদকের ভয়াবহ অভিশাপ থেকে সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।




