সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন কাপ্তাই জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় নিত্যব্যবহার্য সামগ্রী।
ত্রাণ বিতরণকালে জোন কমান্ডার লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে কাপ্তাই জোনের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে কাপ্তাই জোনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কাপ্তাই ইওথ ক্লাবের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন সময়ে এমন সময়োপযোগী ও প্রয়োজনীয় সহায়তা পেয়ে দুর্গত পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাপ্তাই জোনের এই উদ্যোগ বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




