রবিবার, জুলাই ১২, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে বন্যার্তদের চিকিৎসা ও ওষুধ বিতরণ সেনাবাহিনীর

কাপ্তাইয়ে বন্যার্তদের চিকিৎসা ও ওষুধ বিতরণ সেনাবাহিনীর

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলোর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার রাঙামাটি রিজিয়নের অধীনস্থ কাপ্তাই জোন (৩৮ বীর)-এর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সেনাবাহিনীর একটি দক্ষ মেডিকেল টিম আশ্রয়কেন্দ্রে আসা শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন।

ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনীর মেডিকেল অফিসার জানান, আশ্রয়কেন্দ্রে আসা শিশুদের মধ্যে বেশিরভাগই সর্দি ও ঠাণ্ডাজনিত কাশিতে ভুগছে। এছাড়া বয়স্ক ও নারীদের ঠাণ্ডাজনিত কাশি, হাঁপানি, শারীরিক দুর্বলতা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের লক্ষণ দেখা গেছে। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

আশ্রয়কেন্দ্রে সেবা নিতে আসা আসমা বেগম বলেন, আমার সন্তান অসুস্থ থাকায় এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তাররা খুব ভালো করে দেখে ওষুধ দিয়েছেন। চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করে শরিফা খাতুন নামের এক বৃদ্ধা বলেন, সেনাবাহিনীর ডাক্তাররা আমার চিকিৎসা করেছেন এবং ফ্রিতে ওষুধ দিয়েছেন। এতে আমি অনেক খুশি।

এ বিষয়ে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন আজ আশ্রয়কেন্দ্রের প্রায় ৫০০ জন নারী, শিশু ও বৃদ্ধকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। এই মানবিক উদ্যোগের জন্য আমি সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কাপ্তাই সেনা জোন সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। বিকেল বেলা কাপ্তাই সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments