রাঙামাটির বরকল উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান।
আজ শনিবার তিনি উপজেলার ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে সেখানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বানভাসি মানুষের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সাথে আশ্রয় কেন্দ্রে সাময়িকভাবে আশ্রয় নেওয়া অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের খাবারের সুব্যবস্থার জন্য নিজের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল কাইউম খান এবং জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিমউদদীন, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে এমপি দীপেন দেওয়ান সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন।




