“সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবং রাঙামাটি সদর জোনের সহযোগিতায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। এর আগে অতিথিরা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে লে: কর্নেল মো: একরামুল রাহাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান এবং পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এড. মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানিয়েছেন, চলতি বছর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙামাটির ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুটি উপজেলায় এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন করা হবে।




