মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল ও বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) ও কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজের জন্য মারাত্মক অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করে যাচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
কর্মসূচিতে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




