নিখোঁজের আড়াই দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মো. মাসুদ (৫০) নামের এক বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে হ্রদের গর্জনটিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন। তিনি কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে নৌকাযোগে কাপ্তাই ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। পরে তাঁর মালামালসহ নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিখোঁজের পর থেকেই নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছিল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




