রাঙামাটির কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকাব ২য় পর্যায়’ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত গ্রামীণ যুবকদের জন্য ২ মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই ব্যতিক্রমী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলাম। এর আগে সকালে উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, “সরকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে।”
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ২ মাস মেয়াদী এই ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার ৪০ জন যুব ও যুবতী অংশ নিচ্ছেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষক দীন বন্ধু রায় এবং মো: ফরাইজুল ইসলাম।




