রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল( কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান নামক স্থানে ২ টি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮ টার কিছু সময় পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।
তিনি আরোও জানান, কেপিএম এর অবসর প্রাপ্ত কর্মচারী নুরুল আমিন এর মেয়ে হাসি ঈদের কেনাকাটার জন্য বাজারে যায়। বসত ঘরে তখন কেউ ছিল না। এসময় বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুন লেগে তার ২টি বসতঘর সহ বসত ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান,
আমরা রাত ৮ টা ৪০মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমার নেতৃত্বে ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুনে নিভানোর চেষ্টা করি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বৈদ্যুতিক শট সার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি।
এদিকে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০ টায় ১৫ মিনিটে তিনি এই প্রতিবেদককে জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদান করা হবে।




