রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে স্থাপিত আট কিলোমিটার দীর্ঘ সোলার ফেন্সি (বিদ্যুৎচালিত বেড়া) অকার্যকর হয়ে পড়েছে। ব্যাটারি চুরি, তার ছিঁড়ে যাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে বেড়াটি বিকল থাকায় বন থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়ছে। এতে হাতি-মানুষের সংঘাতের ঝুঁকি চরম আকার ধারণ করেছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ সূত্রে জানা যায়, হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে ২০২৩ সালে এই সোলার ফেন্সি স্থাপন করা হয়। তবে স্থাপনের এক বছরের মধ্যেই ব্যাটারিসহ বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে তারের ওপর গাছের ডালপালা পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তা পুরোপুরি মেরামত করা হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত বেড়াটি সচল রাখার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, বেড়া অকার্যকর থাকায় তারা সবসময় হাতির আতঙ্কে দিন পার করছেন। এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফেন্সির অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু অংশ মেরামত করা হলেও পুরোপুরি সংস্কারের জন্য বর্তমানে কোনো বাজেট নেই। বরাদ্দ পেলে এটি দ্রুত সচল করা হবে।




