রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে একটি বিশেষ মেডিকেল টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নির্দেশনায় এই টিম গঠন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত জানান, রোববার থেকে দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে এই টিম।
মেডিক্যাল অফিসার ডা. রনি সরকারের নেতৃত্বে তিন সদস্যের এই টিমটি ফারুয়া ইউনিয়নের তক্তানালা, ফারুয়া বাজার ও গোয়াইছড়িসহ বিভিন্ন গ্রামে ভাসমান মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যার দেওয়া তথ্যমতে, ক্যাম্প থেকে এ পর্যন্ত ১১০ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই জ্বর ও চর্মরোগে আক্রান্ত।
এই মানবিক কার্যক্রমে ডা. রনি সরকারকে সহযোগিতা করছেন স্বাস্থ্য বিভাগের অসীম চাকমাসহ স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া দুর্গত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে পাশে রয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।




