পাহাড় ঘেরা কাপ্তাইয়ের এক কৃতি সন্তান এবার আকাশছোঁয়া সাফল্য ছিনিয়ে এনেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সফলভাবে প্রশিক্ষণ শেষ করে কমিশন্ড অফিসার (লেফটেন্যান্ট) পদে ভূষিত হয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রিয়ন্তী বড়ুয়া (প্রিয়ানা)।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের নালন্দা বিহার এলাকার বাসিন্দা এবং রাউজান উপজেলার পশ্চিম আঁধারমানিক গ্রামের দয়াধন মহাজনের বংশধর জয়সীম বড়ুয়া ও অঞ্জলী বড়ুয়ার কনিষ্ঠ কন্যা তিনি; তাঁর বাবা জয়সীম বড়ুয়া কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৩ সালে ক্যাডেট অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রিয়ন্তী দীর্ঘ ৩ বছরের কঠোর ও গৌরবময় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর উপস্থিতিতে এক বর্ণিল কুচকাওয়াজ শেষে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট পদের র্যাংক ব্যাজ পরিধান করেন, যা ছিল তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত।
পড়াশোনায় বরাবরই মেধাবী প্রিয়ন্তী ২০১৯ সালে কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন; পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও তাঁর পদচারণা ছিল দারুণ—একজন চমৎকার সংগীত ও নৃত্যশিল্পী হিসেবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে তিনি বরাবরই প্রশংসিত হয়েছেন।
প্রিয়ন্তীর এই অনন্য ও গৌরবময় অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা, বিএন), উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, মোরশেদুল আলম কাদেরী, খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ এলাকার সর্বস্তরের গুণীজন।




