জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ চার শ্রমিক নেতার অন্যায় বদলি, হামলা ও মামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারী সরকারের শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের একাংশ এখনও বিদ্যুৎ সেক্টরে বসে ষড়যন্ত্র করছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই অন্যায় বদলি প্রত্যাহার এবং হামলা-মামলার প্রতিবাদ জানান। দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।




